"Let’s play, laugh and celebrate together!" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ডি-এইড ক্লাব-এর উদ্যোগে বুধবার (১৫ অক্টোবর ২০২৫) দিনব্যাপী ইনডোর গেমস কার্নিভাল ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় প্রধান ও টুর্নামেন্ট সভাপতি প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, সৃজনশীলতা ও দলবদ্ধ চেতনার বিকাশের লক্ষ্যে এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।
দিনব্যাপী উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় নানা মজাদার ইনডোর খেলা। ইভেন্টগুলোর মধ্যে ছিল ক্যারম, দাবা (Chess), ডার্ট, বাস্কেটে বল নিক্ষেপ (Ball Throwing into the Basket), মেমরি হান্ট, সুই-সুতা খেলা (Needle and Thread Game), লুডু এবং বেলুন ফাটানো (Balloon Popping)। এছাড়া ছাত্র-ছাত্রীদের মিশ্র অংশগ্রহণে একটি বিশেষ প্রতিযোগিতা শব্দ শিকার (Word Chain) অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
শিক্ষক-শিক্ষিকাদের জন্যও ছিল বিশেষ ইভেন্টের আয়োজন—শিক্ষকদের জন্য ডার্ট থ্রোয়িং এবং শিক্ষিকাদের জন্য মিউজিক্যাল বল খেলা। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ও তাদের মনোবল বাড়াতে স্বেচ্ছাসেবকদের জন্যও রাখা হয়েছিল একটি বিশেষ খেলাধুলার পর্ব।
পুরো টুর্নামেন্টের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মনিরুল ইসলাম। বিভাগীয় শিক্ষক-শিক্ষিকারা বিভিন্ন খেলায় বিচারক ও পরিচালকের দায়িত্ব পালন করেন।
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন এই ইনডোর গেমস কার্নিভাল শিক্ষার্থীদের মাঝে একতা, বন্ধুত্ব ও আনন্দের মেলবন্ধন ঘটিয়েছে। এ আয়োজন বিভাগের সৃজনশীল উদ্যোগ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গঠনে তাদের আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন বহন করে।