বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের মূল পর্বের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের মূল পর্বের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ইতিহাস সৃষ্টি হলো প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের (Political Science Football Mania – Season 1) মধ্য দিয়ে। রবিবার (৫ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় এই টুর্নামেন্টের মূল পর্বের উদ্বোধন করেন বিভাগীয় প্রধান ও টুর্নামেন্ট সভাপতি প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান, ফিতা কাটা ও পায়রা উড়িয়ে তিনি এই ঐতিহাসিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

টুর্নামেন্টের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের প্রভাষক মো. একরামুল হোসেন, যিনি পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। তাঁকে সহযোগিতা করেন টুর্নামেন্ট ম্যানেজার ও বিভাগের শিক্ষার্থী মো. রায়হান চৌধুরী এবং ডি-এইড ক্লাবের কনভেনার ও বিভাগের শিক্ষার্থী মো. বিজয় আলী ও তার টিম। তাদের সক্রিয় অংশগ্রহণে টুর্নামেন্ট সফলতার রূপ পায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ, আট ফ্র্যাঞ্চাইজির মালিক, খেলোয়াড় এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ । টুর্নামেন্টের ম্যাচগুলো পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্বীকৃত রেফারিগণ, যা পুরো আয়োজনকে দিয়েছে আরও পেশাদার ও প্রতিযোগিতামূলক রূপ।

গ্রুপ পর্বের প্রথম দিনে ৮টি ফ্র্যাঞ্চাইজি — Cicero Challengers, Aristotle Kings, Locke Legends, Machiavelli Knights, Hobbes United, Rousseau Riders, Plato Warriors এবং Socrates Thunders — দুই গ্রুপে বিভক্ত হয়ে মুখোমুখি হয় রোমাঞ্চকর লড়াইয়ে। দর্শকদের উপস্থিতি ও উচ্ছ্বাসে ভরপুর ছিল খেলার মাঠ।

এই টুর্নামেন্টটি আয়োজন করেছে ডি-এইড ক্লাব, যা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একটি উদ্যোগী ডিপার্টমেন্টাল ক্লাব। ক্লাবটি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, সৃজনশীলতা ও দলবদ্ধ ক্রীড়াবোধ উজ্জীবিত করার লক্ষ্য নিয়ে কাজ করে থাকে। নিয়মিত একাডেমিক এবং সহ-শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে ডি-এইড ক্লাব ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।