বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের আয়োজনে গত বৃহস্পতিবার (১৫ মে) অনুষ্ঠিত হলো “পলিটিকাল ইকোনমি অফ মাস মিডিয়া” শীর্ষক সেমিনার। বিভাগের ৮১০ নং রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারটি আয়োজন করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় জার্নালিজম ক্লাব।
সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিন ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, “পৃথিবী আপনার হাতের মুঠোয় না আপনি পৃথিবীর হাতের মুঠোয়, এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়াই গণমাধ্যম বিশ্লেষণের মূল চাবিকাঠি।” তাঁর বক্তব্যে সমসাময়িক গণমাধ্যমের মালিকানা কাঠামো, অর্থনৈতিক নিয়ন্ত্রণ, এবং রাজনীতির প্রভাব নিয়ে বিশ্লেষণ উঠে আসে।
সেমিনারটি বিকেল ৩.৩০ থেকে ৫.০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক সৈয়দ মিজানুর রহমানকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর জনাব শাতিল সিরাজ। সেমিনারে আরও উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল, যিনি অতিথিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষকমণ্ডলী-- তন্দ্রা মন্ডল, সাঈদ ইবরাহীম রিফাত, আয়শা সিদ্দিকা এবং ফাতেমা-তুজ-জোহরা। শেষ পর্যায়ে উপস্থিত শিক্ষকদের পক্ষ থেকে সমাপনী বক্তব্য প্রদান করেন তন্দ্রা মন্ডল, সাঈদ ইবরাহীম রিফাত, আয়শা সিদ্দিকা ও ফাতেমা-তুজ-জোহরা। তারা অতিথিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেমিনারটি শিক্ষক-শিক্ষার্থী সকলের জন্য ছিল জ্ঞানগর্ভ ও অনুপ্রেরণাদায়ী।