জমকালো ফাইনালের মাধ্যমে শেষ হলো বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪। শিরোপা জয় করেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, যারা ফাইনালে সিএসই বিভাগকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে প্রথমার্ধ থেকেই দুই দল আক্রমণাত্মক খেলতে থাকে। ম্যাচের দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে বিজয়ী দলের ওয়াজী তৌসিফ গোল করে দলকে এগিয়ে দেন। যদিও প্রতিপক্ষ দলের খেলোয়াড় রাজ মাহমুদ পরে একটি গোল শোধ করেন। শেষ পর্যন্ত বিজয়ী দলের লেফট ব্যাক সৈয়দ আকন্দ পিয়াসের অসাধারণ গোলে নির্ধারিত সময়ের খেলা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জয় দিয়ে শেষ হয়।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্ল্যা। এছাড়া ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের স্ট্রাইকার ওয়াজী তৌসিফ।
বিজয়ী দলের অধিনায়ক, মো. সাগর বলেন, "আমাদের দলের প্রত্যেক খেলোয়াড় কঠোর পরিশ্রম করেছে, আর এ জয় তাদের সমষ্টিগত প্রচেষ্টার ফসল।"
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিযোগিতা প্রতি বছর আয়োজন করা হবে এবং আগামীতে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে।