বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে অন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট 'ইইই প্রিমিয়ার লিগ ২০২৫ (EEEPL 2025) এর ফাইনাল ম্যাচ এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইইই বিভাগের বিভিন্ন সেমিস্টার থেকে মোট ৮টি টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। গত ১০ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে শুরু হয়ে গ্রুপ পর্বের ম্যাচগুলোর শেষে টুর্নামেন্টের সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এরপর গত ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে ফাইনালিস্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ইইই বিভাগের ৪র্থ সেমিস্টার, ৩৩তম ব্যাচের টিম ইইই ডমিনেটরস ও ৬ষ্ঠ সেমিস্টার, ৩১তম ব্যাচের টিম ইইই টাইটান্স। টানটান উত্তেজনার ফাইনাল ম্যাচে জয়ী হয়ে ইইই প্রিমিয়ার লিগ ২০২৫ এর চ্যাম্পিয়ন হয় ইইই ডমিনেটরস এবং রানার্সআপ হয় ইইই টাইটান্স।
ফাইনাল ম্যাচ শেষে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: ফাইজার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুরঞ্জিত মণ্ডল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর ডীন ও ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কাজী খায়রুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ইইই বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে টুর্নামেন্টটির সফল আয়োজনে ও সুষ্ঠ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করার জন্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ইইই বিভাগের সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিভাগের সহকারী অধ্যাপক ও ইইই প্রিমিয়ার লিগ ২০২৫ এর আহবায়ক মোঃ আরিফুজ্জামান সজিব। এরপর অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনে এমন সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের প্রতি শুভেচ্ছাজ্ঞাপন করেন।
এরপর টুর্নামেন্টে আম্পায়ারের দায়িত্বপালনকারী ইইই বিভাগের ল্যাব এক্সিকিউটিভ এবং শিক্ষকবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। এরপর টুর্নামেন্টে অংশগ্রহণকারী সেমিফাইনালিস্টসহ গ্রুপ পর্ব থেকে বাদ পড়া বাকি ৬টি টিমকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এরপর টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচসমূহ, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচসহ মোট ১৫টি ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা ফাইনাল ম্যাচের ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ। এরপর টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান, সেরা বোলার ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট ঘোষণা করা হয়, অতিথিবৃন্দ সেরা ব্যাটসম্যান, সেরা বোলার এর হাতে ক্রেস্ট এবং ম্যান অব দ্যা টুর্নামেন্টের হাতে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেন।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর ডীন ও ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কাজী খায়রুল ইসলাম শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও ক্রীড়ামুখী চেতনা গড়ে তুলতে ইইই প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই টুর্নামেন্টকে আরও বড় পরিসরে আয়োজনের জন্য ইইই বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। এরপর ইইই প্রিমিয়ার লিগ ২০২৫ এর আহবায়ক মোঃ আরিফুজ্জামান সজিব এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: ফয়জার রহমান। এরপর ইইই প্রিমিয়ার লিগ ২০২৫ এর চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের হাতে মেডেল, ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।