বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এবং আন্তঃবিষয়ক গবেষণা কেন্দ্র (CIR)-এর যৌথ আয়োজনে “Personal Growth and Global Opportunities” শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই (বুধবার) বিকেল ২:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্যামসিন আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ও প্রধান পরামর্শক, আইডেন্টিটি ইনক্লুশন, এবং ড. সুদীপ্তা সরকার, প্রভাষক, ডিজাইন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগ, ইউনিভার্সিটি অব স্ট্র্যাথক্লাইড, যুক্তরাজ্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান। তিনি অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেমিনারটি দুইটি পৃথক সেশনে বিভক্ত ছিল। প্রথম সেশনে শ্যামসিন আহমেদ “Mental Health and Wellness” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের গুরুত্ব এবং তরুণ প্রজন্মের মানসিক চ্যালেঞ্জ ও তা মোকাবেলার কৌশল নিয়ে আলোকপাত করেন।
দ্বিতীয় সেশনে ড. সুদীপ্তা সরকার “Higher Education in Europe and UK” শীর্ষক আলোচনায় ইউরোপ এবং যুক্তরাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার কাঠামো, আবেদন প্রক্রিয়া, বৃত্তির সুযোগ এবং প্রাসঙ্গিক বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন। এতে শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় আগ্রহী হওয়ার পাশাপাশি প্রস্তুতির ব্যাপারে কার্যকর ধারণা লাভ করে।
সেমিনারে উপস্থিত ছিলেন প্রফেসর মো. শহীদুর রহমান, ডিন, কলা ও সামাজিক বিজ্ঞান স্কুল; প্রফেসর ইমেরিটাস ড. এ.এইচ.এম. রহমতউল্লাহ ইমন, পরিচালক, আন্তঃবিষয়ক গবেষণা কেন্দ্র (CIR), বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান, কো-অর্ডিনেটর, সমাজবিজ্ঞান বিভাগ, ও বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।
সমাপনী বক্তব্যে প্রফেসর ইমেরিটাস ড. এ.এইচ.এম. রহমতউল্লাহ ইমন বলেন, “এ ধরনের আন্তঃবিষয়ক আলোচনা আমাদের একাডেমিক পরিবেশকে সমৃদ্ধ করে এবং শিক্ষার্থীদের বৈশ্বিক অঙ্গনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।” তিনি সকল অতিথি, আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সেমিনারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।