‘চ্যানেল ২৪‘ রাজশাহী অফিস পরিদর্শন করলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের শিক্ষার্থীরা

‘চ্যানেল ২৪‘  রাজশাহী অফিস পরিদর্শন করলেন  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের শিক্ষার্থীরা

সংবাদভিত্তিক টেলিভিশন মাধ্যম ‘চ্যানেল ২৪‘-এর রাজশাহী ব্যুরো অফিস পরিদর্শন করেছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের শিক্ষার্থীরা। রোববার (৯ নভেম্বর) ‘টেলিভিশন সাংবাদিকতা‘ কোর্সের অংশ হিসেবে তারা এই শিক্ষা সফরে অংশ নেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা ‘চ্যানেল ২৪‘-এর সিনিয়র রিপোর্টার আবরার শাঈর, ভিডিও জার্নালিস্ট আখতারুজ্জামান লেলিন এবং ব্রডকাস্ট সহকারী মো. জুয়েলের সঙ্গে মতবিনিময় করেন। সংবাদ প্রস্তুতির বিভিন্ন ধাপ, সাক্ষাৎকার গ্রহণ, লাইভ সম্প্রচারের প্রস্তুতি, ফুটেজ ঢাকা অফিসে পাঠানো, ভয়েসওভার প্রস্তুতকরণ প্রভৃতি বিষয়ে তাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় আবরার শাঈর বলেন, “যে কোনো সেক্টরে ভালো করতে হলে অন্যদের কাজ নিয়মিত দেখা, শোনা ও পড়া জরুরি। দক্ষতা অর্জনের একমাত্র পথ হলো নিয়মিত চর্চা।‘‘ 

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে কোর্স শিক্ষক মোহা. মোস্তাফিজুর রহমান বলেন, “ঢাকার বাইরে যারা টেলিভিশন চ্যানেলে কাজ করেন, তাদের অনলাইন সংস্করণের জন্যও সংবাদ পাঠাতে হয়। তাই যাদের নিউজ সেন্স ভালো, তারা ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য অনন্য সব স্টোরি তৈরি করতে পারেন।‘‘ 

এই শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা টেলিভিশন সাংবাদিকতার বাস্তব কর্মপরিবেশ, সংবাদ সম্পাদনা প্রক্রিয়া এবং আধুনিক সম্প্রচার ব্যবস্থার সঙ্গে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।