অপূর্ব উৎসাহ, শৃঙ্খলা ও ক্রীড়াস্পৃহায় উজ্জীবিত পরিবেশে সম্পন্ন হয়েছে Sociology Football Championship (SFC) 2025-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনাল পর্বটি অনুষ্ঠিত হয় ০৪ নভেম্বর ২০২৫ তারিখে Varendra University Playground-এ। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে Elite Fighters ও Positivist Riders। উত্তেজনাপূর্ণ ও প্রতিযোগিতামূলক ম্যাচে Elite Fighters দল ২–১ গোলে জয়লাভ করে SFC 2025 Champion-এর মর্যাদাপূর্ণ শিরোপা অর্জন করে। ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে Elite Fighters দলের অধিনায়ক মো. ইমরান হাসান অর্জন করেন ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও ম্যান অব দ্যা ফাইনাল-এর সম্মাননা, আর দলের গোলরক্ষক সাব্বির শিমুল অর্জন করেন বেস্ট গোলকিপার-এর পুরস্কার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফয়জার রহমান এবং সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।
অনুষ্ঠানের শুরুতে SFC 2025 আয়োজন কমিটির কনভেনর সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব কেশব চন্দ্র বিশ্বাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, স্পন্সর, স্বেচ্ছাসেবক, রেফারি, খেলোয়াড় ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে স্বেচ্ছাসেবক কমিটির আহ্বায়ক সমাজবিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী জাহিদুল ইসলাম শিক্ষার্থীদের সংগঠক হিসেবে গড়ে তোলায় বিভাগের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর SFC 2025 আয়োজন কমিটির কো-কনভেনর সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব সরকার তামজীদ রহমান সফল টুর্নামেন্ট আয়োজনের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্যে মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফয়জার রহমান বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান নয়, ক্রীড়াচর্চা, দলগত সহযোগিতা ও নেতৃত্বগুণেও এগিয়ে যেতে হবে। ক্রীড়া শিক্ষারই অংশ—যা মানুষকে আত্মনিয়ন্ত্রণ, সহনশীলতা ও দায়িত্ববোধ শেখায়।” সমাপনী বক্তব্যে কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ সিদ্দিকুর রহমান আয়োজক কমিটি, খেলোয়াড়, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “SFC 2025 আমাদের শিক্ষার্থীদের ঐক্য, নেতৃত্ব এবং মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এমন উদ্যোগ বিভাগকে আরও প্রাণবন্ত ও ঐক্যবদ্ধ করবে।”
দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভাগের কো-অর্ডিনেটর এবং শিক্ষকবৃন্দ বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের শেষে সমাজবিজ্ঞান বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে এক আনন্দঘন প্রীতি ভোজের আয়োজন করা হয়। আয়োজকদের মতে, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে দলগত চেতনা, পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বগুণ ও ক্রীড়াসংস্কৃতি আরও সুদৃঢ় করেছে।