বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সামার ২০২৬ সেশনের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত বিভাগের প্রভাষক তাসনিয়া নাসরিন।
অনুষ্ঠানের শুরুতেই ফুল ও উপহারসামগ্রী দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয়। বিভাগের কোঅর্ডিনেটর প্রফেসর ড. মো. হারুন অর রশীদ নবীনদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের নতুন পথচলায় শুভকামনা জানান এবং নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল স্কুলের ডিন শামিম আহমদ, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের কোঅর্ডিনেটর ড. সুলতানা রাজিয়া এবং সিএসই বিভাগের সহকারী রেজিস্ট্রার তানজিলা জিনাত।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সামার ২০২৬ সেশনের নবীনদের অংশগ্রহণে কেক কাটা এবং তাদের হাত ধরেই বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তুলতে প্রতিটি নবীনকে উপহার হিসেবে একটি করে পরিবেশবান্ধব গাছও প্রদান করা হয়।
এদিন ইসলামের ইতিহাস ক্লাব আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পরিবেশবান্ধব গাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয়, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
এ ছাড়া সাংস্কৃতিক পরিবেশনা, পরিচয়পর্ব এবং প্রাণবন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে সামার ২০২৬ সেশনের নবীন শিক্ষার্থীরা শিক্ষক ও সিনিয়রদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। উৎসবমুখর পরিবেশে নবীনদের স্বপ্ন, সম্ভাবনা ও নতুন যাত্রাকে উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।