বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্প্রিং ২০২৬ সেমিস্টারের আইন ও ফার্মেসী বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত আইন বিভাগের এবং সকাল ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ফার্মেসী বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভর্তি পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.)।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, প্রশ্নপত্র পাঠ্যসূচিভিত্তিক ও মানসম্মত ছিল এবং পরীক্ষার পরিবেশ ছিল অত্যন্ত অনুকূল। অভিভাবকরাও বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল ও সুসংগঠিত ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্প্রিং ২০২৬ সেশনে আইন বিভাগে ৭৫টি এবং ফার্মেসী বিভাগে ৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করা হবে এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (vu.edu.bd) জানানো হবে।